আপাতত ওয়াসার পানির দাম বাড়ছে না
ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না বলেও জানান আদালত।
বুধবার আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অধ্যাপক ড. এম শামসুল আলম। ওয়াসার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন এ এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন।
পরে ক্যাবের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। তবে আপিল বিভাগে আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির মূল্যবৃদ্ধির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। তবে পারফরম্যান্স বোনাসের ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





